আমেরিকায় প্রযুক্তি বিভ্রাটের ধাক্কা, বিপর্যস্ত ডেল্টার ফ্লাইট
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
আমেরিকায় একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটে জনজীবন ব্যাহত হচ্ছে। গত ১০ দিনে অনলাইন যোগাযোগ, বিমান চলাচল ও ব্যাংকিংসহ দৈনন্দিন বিভিন্ন সেবা বিঘ্নিত হয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত একটি অতিগোপনীয় কম্পিউটারও অচল হয়ে পড়ে। হ্যাকিংয়ের শিকার হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্যভাণ্ডার।
সর্বশেষ রবিবার উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারণের স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটির কারণে ডেল্টা এয়ারলাইনসের অর্ধেকের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল করা হয়েছে ৬ শতাংশ ফ্লাইট।
থ্যাংকসগিভিং ছুটিকে সামনে রেখে ব্যস্ত ভ্রমণ মৌসুমের শুরুতেই এ বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নেটওয়ার্কজুড়ে ফ্লাইট বিলম্ব ছড়িয়ে পড়ায় রবিবার সকালে নিরাপদে উড্ডয়ন নিশ্চিত করতে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হয় ডেল্টা। প্রায় সাত ঘণ্টা পর স্বয়ংক্রিয় ব্যবস্থার ত্রুটি সমাধান করা হয়। ডেল্টা জানিয়েছে, উড়োজাহাজের ওজন ও ভারসাম্য হিসাবের স্বয়ংক্রিয় ব্যবস্থাটি এখন সচল রয়েছে।
তবে এ বিপর্যয়ের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে যাত্রীদের ভোগান্তি আরও কিছু সময় চলতে পারে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ডেল্টার অর্ধেকের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ডেল্টা জানিয়েছে, রবিবারের সময়সূচিতে পরিবর্তনের প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী ছিল এই স্বয়ংক্রিয় ব্যবস্থার ত্রুটি।
এর ফলে ব্যস্ত বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ডেল্টার সবচেয়ে বড় বিমান চলাচল কেন্দ্র হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েক ঘণ্টা ফ্লাইট উড্ডয়ন স্থগিত ছিল।
যাত্রীদের ভ্রমণে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে ডেল্টা সিএনএনকে জানিয়েছে, তাদের কর্মীরা বাকি ফ্লাইট সূচি স্বাভাবিক করার দিকে মনোযোগ দিচ্ছেন। প্রতিষ্ঠানটি বলেছে, অন্য সব বিকল্প শেষ হওয়ার পরই কেবল শেষ উপায় হিসেবে ফ্লাইট বাতিল করা হয়।
উড্ডয়নের আগে উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নিশ্চিত করা হয়, যাত্রী ও মালামালসহ উড়োজাহাজের মোট ওজন অনুমোদিত সীমার মধ্যে রয়েছে এবং নিরাপদ উড্ডয়নের জন্য মালামাল যথাযথভাবে সাজানো হয়েছে। এ হিসাবের ভিত্তিতে পাইলটদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
বড় বিমান সংস্থাগুলো সাধারণত এ কাজের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে উন্নত কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘পাইলটস হ্যান্ডবুক অব অ্যারোনটিক্যাল নলেজ’ অনুযায়ী, উড্ডয়ন নিরাপদ রাখতে প্রতিটি উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারিত সীমার মধ্যে রাখা অত্যন্ত জরুরি।
ডেল্টার ক্ষেত্রে ব্যাগেজ কর্মীদের জন্য ওজন ও ভারসাম্যসংক্রান্ত নির্দেশনা তৈরি করা হয় আটলান্টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের অপারেশনস অ্যান্ড কাস্টমার সেন্টারে। এ কাজের জন্য ব্যবহার করা হয় অটোমেটেড লোড ইনস্ট্রাকশন সিস্টেম (অ্যালিস) নামের একটি ব্যবস্থা।
এটিসি ডটকমে ধারণ করা একটি বেতার কথোপকথনে রবিবার সকালে বোস্টনের এক পাইলটকে বিমানবন্দরের এক কর্মী জানান, ডেল্টার পুরো ব্যবস্থায় প্রযুক্তিগত বিভ্রাট চলছে। এ কারণে র্যাম্প কর্মীরা মালামাল বোঝাই করতে পারছেন না। স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়ার কথা থাকা নির্দেশনাপত্র না পাওয়ায় তাঁদের হাতে হিসাব করে ব্যাগের সংখ্যা নির্ধারণ করতে হচ্ছে এবং পাইলটদের জন্য প্রতিবেদন তৈরি করতে হচ্ছে।
পাইলট এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেন। পরে ওই কর্মী ব্যঙ্গ করে বলেন, পরিস্থিতি অনেকটা পুরোনো দিনের মতো হয়ে গেছে।
ছুটির মৌসুমের ব্যস্ততম ভ্রমণ সময় শুরুর ঠিক আগেই ডেল্টার এই বিপর্যয় দেখা দিল। বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেল্টার আটলান্টা কেন্দ্রে ৪০ লাখের বেশি যাত্রীর সমাগম হতে পারে।
এর আগে গত ১৩ নভেম্বর আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে আমেরিকাজুড়ে চার ঘণ্টা ২১ মিনিট ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর থেকে অনেক যাত্রীকে দীর্ঘ সারি ও ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে।
এফএএ জানিয়েছিল, দেশব্যাপী ওই ফ্লাইট স্থগিতের পেছনে সম্ভবত প্রত্যন্ত এলাকার একটি পুরোনো তামার তারের ত্রুটি দায়ী ছিল। তবে সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে, রবিবার ডেল্টার ফ্লাইট বিলম্বের সঙ্গে তাদের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার কোনো সম্পর্ক নেই।
হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, এ গ্রাউন্ড ডিলে শুধু ডেল্টার ফ্লাইটগুলোকে প্রভাবিত করেছে। এটি পুরো বিমানবন্দরজুড়ে ছিল না।
ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ৬০ শতাংশের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইটগুলোরও প্রায় অর্ধেক বিলম্বের মুখে পড়ে। তবে এর মধ্যে ডেল্টার কতটি ফ্লাইট ছিল, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
ডেল্টার প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে গত বছর ইউনাইটেড এয়ারলাইনসের উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারণের কম্পিউটার ব্যবস্থায় একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এতে এক হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং কয়েক ডজন ফ্লাইট বাতিল হয়।
গত ১৬ নভেম্বরও ইউনাইটেড এয়ারলাইনসে স্বল্প সময়ের জন্য প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। এতে আমেরিকাজুড়ে দেড় শতাধিকের কম ফ্লাইট প্রভাবিত হয়। তবে ওই ঘটনা, রবিবারের ডেল্টার প্রযুক্তিগত সমস্যা এবং এর আগে এফএএর দেশব্যাপী ফ্লাইট স্থগিতের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে না।
ইউনাইটেডের ওই বিভ্রাটের সময় এফএএ জানিয়েছিল, তাদের কোনো সরঞ্জামের ত্রুটির কারণে ঘটনাটি ঘটেনি। অন্যদিকে ইউনাইটেড বলেছিল, এর সঙ্গে সাইবার নিরাপত্তার কোনো সমস্যার লক্ষণ পাওয়া যায়নি।
প্রযুক্তিগত বিভ্রাটের পাশাপাশি থ্যাংকসগিভিং ছুটিতে অতিরিক্ত যাত্রীচাপের মধ্যে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়াও বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
এফএএর সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের আবহাওয়াজনিত কারণে গড়ে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত বিলম্বের মুখে পড়তে হতে পারে।
বৈরী আবহাওয়ায় সান ফ্রান্সিসকোগামী ফ্লাইটেও বিলম্ব দেখা দিয়েছে। অন্যদিকে অতিরিক্ত ফ্লাইটের চাপের কারণে সান দিয়েগো ও ফ্লোরিডার কয়েকটি বিমানবন্দরে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।



