ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ২৯

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। পুড়ে যাওয়া কারখানা থেকে ২৪টি মৃতদেহ বহনকারী ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রকৃতপক্ষে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। এতে কারখানাটির বড় অংশ পুড়ে গেছে।

নিখোঁজ কর্মীদের সন্ধানে সোমবার (২৩ নভেম্বর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেন কর্মীরা। রবিবার রাতে অভিযান স্থগিত রাখা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির কারখানায় আগুন লাগার সময় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই তলায় ৬৫ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন এবং চারজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকি আটজনের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো খালি চোখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে নিখোঁজ কর্মীদের স্বজনদের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শনাক্তকরণের এ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

পুলিশ জানিয়েছে, একটি মৃতদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে। এ কারণে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এর আগে রবিবার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। এদিকে ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধার অভিযানেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়াজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন।

সূত্র: রয়টার্স