ইউক্রেনের হামলায় রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত, পাল্টা হুঁশিয়ারি মস্কোর
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
লিবিয়ার বেনগাজি বন্দর ও বাল্টিক সাগরে রাশিয়ার জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এসব হামলাকে বিপজ্জনক প্রবণতা হিসেবে উল্লেখ করে রাশিয়া বলেছে, ইউক্রেনের সামরিক অবকাঠামোয় তাদের হামলা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।
সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বেনগাজিতে রুশ জাহাজে হামলার বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভাল করছে। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে এ বিষয়ে বিস্তারিত জানাবে।
পেসকভ বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোয় রাশিয়ার বড় পরিসরের হামলা প্রতিদিনই চলছে। এ অভিযানের পরিণতি কিয়েভকে ভোগ করতে হচ্ছে। বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার ঘটনাকে তিনি ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ বলেও উল্লেখ করেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রোববার (২২ নভেম্বর) লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ নৌঘাঁটিতে হামলা চালিয়ে রাশিয়ার ‘মার্কুরি’ নামের একটি করভেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। একই অভিযানে অস্ত্র পরিবহনে ব্যবহৃত রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেনগাজি বন্দরে অবস্থানরত ‘মার্কুরি’ যুদ্ধজাহাজটি সন্দেহভাজন সামুদ্রিক ড্রোন হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বন্দরে নোঙর করেছিল। হামলার বিষয়ে রাশিয়া ও লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথ তদন্তের কথা জানিয়েছে।
এদিকে বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরে গত শনিবার (২১ নভেম্বর) রাশিয়ার কালিনিনগ্রাদগামী পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’-এ ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে।
আগুন লাগার পর জাহাজটির ১৬ জন নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে রুশ উদ্ধারকারী জাহাজের সহায়তায় ‘স্পার্টা-২’ টেনে সেন্ট পিটার্সবার্গে নেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি বলে রাশিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে।
পেসকভ বলেন, বাল্টিক অঞ্চলে এ ধরনের হামলা উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে বাল্টিক দেশগুলোকে কিয়েভের ওপর প্রভাব খাটিয়ে এ ধরনের হামলা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে পণ্য পরিবহন সচল রাখতে দুটি রেল ফেরি কেনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এ জন্য ৪৭ বিলিয়ন রুবল বা প্রায় ৫৭৬ মিলিয়ন ডলার ব্যয় হবে। ২০৩০ সাল থেকে ফেরি দুটি চলাচল শুরু করার কথা রয়েছে।
এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ তুলেছেন। তাঁর দাবি, আত্মরক্ষার প্রয়োজনে রাশিয়ার হাতে থাকা সব ধরনের সামরিক শক্তি, এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারও দেশটির রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজন দেখছে না মস্কো।
সূত্র: আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স ও আরএফই/আরএল।



