হিমালয় অঞ্চলে বাড়ছে দুর্যোগের আশঙ্কা, বাংলাদেশে বেশি বৃষ্টির পূর্বাভাস

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

এল নিনোর প্রভাবে চলতি শীত মৌসুমে হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি এলাকায় বন্যা, ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশেও বিশেষ করে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের ২০২৬ সালের শীতকালীন পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিআইএমওডি), বেইজিং নরমাল ইউনিভার্সিটি এবং চীনের একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব অ্যাটমোসফেরিক ফিজিকস যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত সময়ে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের উত্তরাঞ্চলসহ হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিম হিমালয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে আকস্মিক বন্যা, ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে।

বাংলাদেশের ক্ষেত্রে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। একই সময়ে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আইসিআইএমওডি।

যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে এল নিনো পরিস্থিতি শক্তিশালী থেকে অতি শক্তিশালী পর্যায়ে যাওয়ার পথে। ১৯৫০ সালে রেকর্ড রাখা শুরুর পর এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলে প্রায় ৬০ শতাংশ সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

আইসিআইএমওডির বিজ্ঞানীদের মতে, এল নিনোর প্রভাবে হিমালয়ের পাদদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। পাশাপাশি উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের পরিমাণও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে পুরো অঞ্চলজুড়ে আবহাওয়ার ধরন এক রকম হবে না। কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও অন্য কিছু এলাকায় দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে চলতি বছরের আগস্টে নেপালের ভুটেকোশি-ত্রিশূলি নদী অববাহিকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। হিমবাহের বরফ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক ঢলে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন প্রতিবেদনে এ দুর্যোগে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যুর এবং পাঁচ হাজারের বেশি মানুষের নিখোঁজ থাকার তথ্য উঠে এসেছে। নেপালের সরকারি মূল্যায়নে পুনরুদ্ধার ও পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ প্রায় ৪৭০ কোটি মার্কিন ডলার ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারতের উত্তরাঞ্চল ও নেপালের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তুষার জমতে পারে। অন্যদিকে ভুটান ও চীনের পূর্বাঞ্চলীয় জিজাংয়ের কিছু এলাকায় তুষারের স্তর স্বাভাবিকের চেয়ে কম থাকার আশঙ্কা রয়েছে।

নদীর পানিপ্রবাহ ও আগামী বছরের পানির প্রাপ্যতা নির্ধারণে তুষারের গভীরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুষার কম জমলে সেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং বসন্তকালে নদী ও ঝরনার পানিপ্রবাহ কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শীতকালে বেশি বৃষ্টিপাত হলেও বনভূমিতে আগুন লাগার ঝুঁকি পুরোপুরি দূর হবে না। কারণ, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এতে ঘাস ও অন্যান্য উদ্ভিদ শুকিয়ে আগুন ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিজাং এবং মিয়ানমারের কিছু এলাকায় বন ও তৃণভূমিতে আগুন লাগার উচ্চ থেকে অতি উচ্চ ঝুঁকির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইসিআইএমওডির জলবিজ্ঞানী মনীশ শ্রেষ্ঠা বলেছেন, বর্ষা মৌসুম শেষ হলেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শেষ করা যাবে না। বৃষ্টিপাতের ধরন আরও অনিয়মিত ও তীব্র হয়ে উঠছে। তাই আগাম পরিকল্পনার জন্য মৌসুমি পূর্বাভাসের পাশাপাশি কখন ও কোথায় ব্যবস্থা নিতে হবে, তা নির্ধারণে স্বল্পমেয়াদি স্থানীয় পূর্বাভাস প্রয়োজন।

আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর কাঠমান্ডুতে হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের বরফ ও হিমবাহবিষয়ক বিজ্ঞান, নীতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শীতকালীন পূর্বাভাস প্রতিবেদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে আইসিআইএমওডি।

সূত্র: আইসিআইএমওডি, এনওএএ, এনডিটিভি