আমেরিকার কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতিসহ কয়েক দশকের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমেরিকার কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এ অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে আমেরিকার বিরুদ্ধে দেশীয় আদালতগুলো থেকে একাধিক রায় পেয়েছে তেহরান।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেন, ‘আমরা আমেরিকার বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে দেশের আদালতগুলো থেকে রায় পেয়েছি।’

তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের দাবিতে আমেরিকার কয়েক দশক আগের কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কোন কোন ঘটনা বা ক্ষয়ক্ষতির ভিত্তিতে এ অর্থ নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ করা হয়েছে। এসব জাহাজ জব্দের মাধ্যমে ইরানের পাওনা ক্ষতিপূরণের একটি অংশ আদায় করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জব্দ করা জাহাজগুলোর নাম, মালিকানা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আমেরিকার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ের দাবি, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে মামলা এবং বাণিজ্যিক জাহাজ জব্দের বিষয়ে ওয়াশিংটন বা সংশ্লিষ্ট দেশগুলোর কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: সিবিএস নিউজ, এএফপি