এসআইসিআইপি-বিজিএমইএ’র এইচআর কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
কর্মসংস্থানমুখী দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তব চাকরির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামের উদ্যোগে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রুমানা রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনীর চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. আশফাকুর রহমান।
বক্তারা বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রাম প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তরুণদের চাকরির সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় অংশগ্রহণকারী মানবসম্পদ প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতার চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে মতামত দেন।




