জার্মানিতে আইটি খাতে চাকরির সুবর্ণ সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

ইউরোপের অন্যতম উদ্ভাবনী অর্থনীতি হিসেবে জার্মানিতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে দক্ষ জনবলের চাহিদা ক্রমেই বাড়ছে। শক্তিশালী শিল্পভিত্তি, বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও সবুজ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের কারণে দেশটি এখন আন্তর্জাতিক আইটি পেশাজীবীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

ইউরোপীয় পেটেন্ট অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২৪ হাজারের বেশি পেটেন্ট আবেদন করে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির এই অগ্রযাত্রা দেশটির আইটি খাতে দক্ষ কর্মীর চাহিদা আরও বাড়িয়েছে।

বর্তমানে জার্মানির আইটি খাতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ্লিকেশন কনসালট্যান্ট, ডেটা সায়েন্টিস্ট এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের। ২০২৫ সালে দেশটিতে প্রায় ১ লাখ ৯ হাজার আইটি পদ শূন্য ছিল, যা এখনও বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ খাতে বেতনও তুলনামূলকভাবে বেশি হওয়ায় বিদেশি দক্ষ কর্মীদের জন্য এটি একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র।

জার্মানির আইটি খাতের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ। বহুজাতিক প্রতিষ্ঠান ও স্টার্টআপে বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা একসঙ্গে কাজ করেন। পাশাপাশি কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিশ্চিত করতে দেশটিতে নমনীয় কর্মঘণ্টা, উদার ছুটির ব্যবস্থা এবং অভিভাবকবান্ধব বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নে জার্মানি ব্যাপক বিনিয়োগ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি ৪.০ বাস্তবায়নে আইটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর করে তুলতে দেশটির ফেডারেল অর্থনীতি ও জ্বালানি মন্ত্রণালয় বিভিন্ন সহায়তা কর্মসূচি পরিচালনা করছে।

দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আইটি পেশাজীবীদের জন্য জার্মানির এই ক্রমবর্ধমান চাকরির বাজার হতে পারে একটি বড় সুযোগ।