প্রবাসীদের শ্রমে আরও শক্ত ভিত পাচ্ছে দেশের অর্থনীতি: তথ্যমন্ত্রী
ডেল্টা প্রবাস
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
প্রবাসী বাংলাদেশিদের শ্রম, মেধা ও দেশপ্রেম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণের মাধ্যমেই নয়, বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, প্রবাসীদের অবদান এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী বলেন, “ইংল্যান্ড আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে বসবাসরত বাংলাদেশিরা অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেশের মর্যাদা বৃদ্ধি করছেন।” তিনি প্রবাসীদের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশের নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের নারীরা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নেতৃত্ব দিচ্ছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত।” নারীর স্বাস্থ্য সুরক্ষা, আইনি অধিকার ও সামাজিক অবস্থান উন্নয়নে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় বৃদ্ধি পেলে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে।
তথ্যমন্ত্রী বলেন, “প্রবাসীদের পরিশ্রম ও দেশপ্রেম আমাদের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা সরকারের দায়িত্ব।” তিনি জানান, প্রবাসীদের কল্যাণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।



