রামপুরায় একটি বাইক উদ্ধারে গিয়ে মিলল সাতটি, চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে আন্তঃজেলা চোর চক্রের সন্ধান পেয়েছে। গত ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত নরসিংদী, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. জহিরুল ইসলাম, অলি উল্লাহ, সফিউল্লাহ খান ও গাজী সাগর। অভিযানে তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সাহাল বিন রফিক নামে এক ব্যক্তি বনশ্রী সি-ব্লকের ৬ নম্বর রোড থেকে তার সুজুকি জিকজার এসএফ মডেলের বাইকটি চুরি হওয়ার বিষয়ে থানায় মামলা করেন। এরপর সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পুলিশ। গত ১৭ এপ্রিল রাতে নরসিংদীর ডাঙ্গা বাজার থেকে প্রথম জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকেই বনশ্রী থেকে চুরি হওয়া ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জহিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ১৯ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অলি উল্লাহ নামে চক্রের অন্য এক সদস্যকে একটি এপাচি আরটিআর বাইকসহ গ্রেফতার করা হয়। পরের দিন ২০ এপ্রিল জহিরুলের দেওয়া তথ্যানুসারে নরসিংদীর ডাঙ্গা বাজারের ‘খান মটরস’-এ অভিযান চালিয়ে আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দোকানের মালিক সফিউল্লাহ খানকে গ্রেফতার করা হয়। সবশেষ ওই রাতেই নারায়ণগঞ্জের বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে গাজী সাগরকে একটি দামী এমটি-১৫ বাইকসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। পরে তারা তাদের সহযোগীদের মাধ্যমে কুমিল্লা, নোয়াখালী ও চাটখিলসহ দেশের বিভিন্ন এলাকায় এসব মোটরসাইকেল বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।



