সবুজবাগে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার কেটে চুরি করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
নিহত মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে। তিনি রাজধানীর পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকায় বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
নিহতের ভাগ্নে সুমন ইসলাম জানান, মোবারক আগে পেশায় একজন নিরাপত্তা কর্মী ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি কর্মহীন হয়ে পড়েন এবং একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন। প্রায় দেড় মাস আগে তিনি নতুন করে ঢাকা আসেন এবং স্বজনদের সঙ্গে তাঁর যোগাযোগ খুব একটা ছিল না। সুমন আরও বলেন, “সংবাদ পেয়ে আমি এসে মরদেহ দেখতে পাই। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যে, তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



