লাশ হয়ে ফিরছেন কুমিল্লার প্রবাসীরা; এক বছরে ৪২৮ মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
কুমিল্লা থেকে বিদেশগামী মানুষের সংখ্যা প্রতি বছর বাড়লেও অনেকের স্বপ্নভঙ্গ হচ্ছে প্রবাসে গিয়ে। দালালচক্রের প্রতারণা, অবৈধ ভিসা ও আকামা জটিলতায় পড়ে গত এক বছরে জেলার ৪২৮ জন প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরেছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, নিবন্ধিত না হলে প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরাতে নানা জটিলতা তৈরি হয়। কুমিল্লায় প্রায় সাড়ে ১৪ লাখ নিবন্ধিত প্রবাসী থাকলেও অনিবন্ধিত কর্মীর সংখ্যাও উল্লেখযোগ্য।
কর্তৃপক্ষ বলছে, অনেকে দালালদের মাধ্যমে বিদেশে গিয়ে বৈধ কাগজপত্রের অভাবে বিপদে পড়ছেন। কেউ কাজ পাচ্ছেন না, কেউ আবার নির্যাতনের শিকার হচ্ছেন। আকামা নবায়ন না হওয়ায় অনেকেই অবৈধ হয়ে পড়ছেন।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বলেন, “অন্ধবিশ্বাসে অনেকে এজেন্সিকে টাকা দিচ্ছে, কিন্তু তারা আকামা করে দিচ্ছে না। ফলে প্রবাসীরা কাজ পেলেও বৈধতা হারাচ্ছে।”
গত পাঁচ বছরে কুমিল্লা থেকে বিদেশে যাওয়া মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে ৬৮ হাজার ৫৮৬ জন, ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৯৯৭ জন, ২০২৩ সালে ১ লাখ ১৩ হাজার ৫২০ জন, ২০২৪ সালে ৯২ হাজার ৯১১ জন এবং ২০২৫ সালে ৭৬ হাজার ৪৫৮ জন বিদেশে গেছেন। এর ফলে জনশক্তি রপ্তানিতে দেশের শীর্ষ জেলাগুলোর একটিতে পরিণত হয়েছে কুমিল্লা।
প্রবাসীদের পরিবারগুলো বলছে, দালালরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিদেশে পাঠালেও সেখানে গিয়ে অনেকে কাজ পান না। ফলে ঋণের বোঝা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী মো. ইয়াসিনের স্ত্রী সাকিনা আক্তার দুই সন্তানকে নিয়ে প্রবাসী কল্যাণ সেন্টারে এসেছেন সরকারি অনুদানের আশায়। প্রতিদিনই এমন বহু পরিবার সেখানে ভিড় করছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মৃত প্রবাসী কর্মীদের পরিবারকে অনুদান হিসেবে ৩ কোটি ২৭ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা। আহত ও অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৯৮ লাখ টাকা।
কুমিল্লা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন বলেন, ওয়েজ বোর্ডের সদস্যপদ থাকলে মৃত প্রবাসীর পরিবারকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়।
প্রবাসীরা মনে করছেন, দালালচক্র নিয়ন্ত্রণ, কনস্যুলার সেবা জোরদার, জরুরি সহায়তা তহবিল গঠন এবং বিদেশে কার্যকর সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে না পারলে এই সংকট আরও বাড়বে।



