মে মাসের ১৩ দিনেই এলো ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ে ২০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে।