দেশজুড়ে ব্যাপক অভিযান, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

সৌদি আরব দেশজুড়ে শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ৭ হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি সেবাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশজুড়ে চালানো ব্যাপক পরিদর্শনে হাজার হাজার শ্রমসংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের ভিত্তিতেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, তাদের পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখা হয়। এর মধ্যে অবৈধ কর্মসংস্থানের সঙ্গে সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি অনিয়ম শনাক্ত করা হয়েছে।

এছাড়া ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ মাঠপর্যায়ের পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলোকে সংশোধনের জন্য প্রায় ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তাও দেওয়া হয়।

শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়োগকারী অফিসগুলোতেও ৩ হাজার ৫২২টি অনিয়ম শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল ক্ষেত্রেও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচার প্রতিরোধে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শনও করা হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, জনগণের অভিযোগও অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাপ্ত ১৫ হাজার ৫৬৩টি অভিযোগের মধ্যে ৯৬ দশমিক ৯৬ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যেই নিষ্পত্তি করা হয়েছে।