সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ফিটনেসহীন যান ও অদক্ষ চালক : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

বাংলাদেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতা ও ফিটনেসবিহীন যানবাহন দায়ী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Robiul Alam। তিনি বলেন, দেশে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন মূলত চালকদের অদক্ষতা ও যানবাহনের ফিটনেস সংকটের কারণে।

রোববার রাজবাড়ী পৌর মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, চোখ ও রক্তচাপ পরীক্ষা, মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারসহ জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫৫টি পরিবারের মাঝে ২ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী Ali Newaz Mahmud Khaiyam, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী Habibur Rashid, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এক মুহূর্তের দুর্ঘটনার ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। মানুষের জীবনের অপূরণীয় ক্ষতি ঘাট ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তিনি দৌলতদিয়া ঘাট এলাকার গুরুত্ব তুলে ধরে দক্ষিণাঞ্চলের জন্য একটি সেতুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিআরটিএর মহাসচিব বলেন, দুর্ঘটনা প্রতিরোধে মালিক ও শ্রমিক উভয়েরই দায়িত্ব রয়েছে। সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।