দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর

দুবাই ট্যাক্সি কোম্পানিতে আরও ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

বাংলাদেশ থেকে চলতি বছর আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়।

সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি চালকেরা দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বিদেশে সুনাম অর্জন করেছেন। আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী বা ‘হোয়াইট কলার’ কর্মী নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী ও দায়িত্বশীল উল্লেখ করে তারা বলেন, এ কারণেই নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টেও বাংলাদেশি নারীরা সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় কাজ করছেন।

প্রতিনিধি দল আরও জানায়, সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন ড্রাইভার যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। এবারের ধাপে নতুন করে ১ হাজার ৫০০ জনসহ চলতি বছরে মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে একজন ড্রাইভারের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। তাই শ্রমিকদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।

এ সময় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানটির অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও তাদের আগ্রহ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।