ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মোসলেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং বর্তমানে ওই ব্যাচের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিআইডি প্রধানের দায়িত্ব পালনের আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদে কর্মরত ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মোসলেহ উদ্দিন আহমেদ। দক্ষতা ও অভিজ্ঞতার কারণে পুলিশ বাহিনীতে তিনি একজন পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত।