ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটিয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শনে যান।
সেখানে গিয়ে তিনি শিশুদের সঙ্গে প্রায় ১৮ মিনিট সময় কাটান। খেলনা, হাসি আর কোলাহলে মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে কেক কাটেন।
এ সময় তিনি শিশুদের হাতে চকলেট, টফি, ললিপপ ও উপহার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে খুনসুটি করে তিনি তাদের খোঁজখবর নেন এবং জানতে চান তারা কীভাবে সময় কাটাচ্ছে, কী ধরনের খাবার পাচ্ছে এবং তাদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কি না।
ডে-কেয়ার সেন্টারের শিশুরা আনন্দে প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে এবং কেউ কেউ নিজের আঁকা ছবি ও খেলনা দেখায়। এক শিশু তাকে কেকও খাইয়ে দেয়। পুরো সময়জুড়ে পরিবেশ ছিল উৎসবমুখর।
এ সময় শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আজ তোমাদের সবার জন্মদিন, আসো সবাই মিলে কেক কাটি।” এরপর তিনি শিশুদের নিয়ে কেক কাটেন।
শিশুরা আনন্দে করতালি দিয়ে “হ্যাপি বার্থ ডে” গান গেয়ে ওঠে। বিদায়ের সময় প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে এ ধরনের ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে, যেখানে ৪ থেকে ৬ বছর বয়সী শিশুরা প্রতিদিন সেবা গ্রহণ করে।
বাসস



