পল্লবীতে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা, ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের পর হত্যার সন্দেহও করছে পুলিশ ও স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে শিশুটির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে ওই শিশু পল্লবীর ওই বাসায় বসবাস করত। ঘটনার সময় বাসায় অন্য কেউ ছিল না বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহের কিছু অংশ ঘরের ভেতরে পাওয়া যায় এবং একটি বালতির ভেতরে মাথা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হলেও ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
পল্লবী থানার পুলিশ জানায়, ঘটনার পর থেকে সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে।
পুলিশের ধারণা, সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



