পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে
আর্থিক খাত সংস্কারে বড় উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও কাজের গতিশীলতা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংক খাতকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত এক বিশেষ সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতগুলোকে আরও শক্তিশালী, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই। ঢাকা-কেন্দ্রিকতা কমিয়ে পুঁজিবাজার, এনবিআর এবং ব্যাংকিং সেবাকে দেশের বিভিন্ন প্রান্তে বিকেন্দ্রীভূত করা হলে প্রান্তিক অঞ্চলের মানুষ ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে এটি কর আহরণ ও বিনিয়োগের পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ শুরু করেছে, যা দেশের আর্থিক খাতে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।



