পদ্মার পর তিস্তা ব্যারাজেও হাত দেবে বিএনপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। তাই ভবিষ্যতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদী ও খালকেন্দ্রিক পানি ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে।

বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “গত ২০ বছরে আমরা ভূগর্ভস্থ থেকে যে পরিমাণ পানি উত্তোলন করেছি, খাল-নদী খনন ও বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করলেও আগামী ২০ বছরে সেই ঘাটতি পূরণ হবে না। তাই কোনোভাবেই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল থাকা যাবে না।”

তিনি আরও বলেন, সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ নিয়েও কাজ করবে বিএনপি সরকার।

খাল ও নদী খননের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “ভূমিকম্প মোকাবেলায়ও খাল ও নদীর ভূমিকা রয়েছে। তাই আমাদের নদী ও খাল খনন করতে হবে। এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং দেশের অস্তিত্ব ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষিজমি কমে যাচ্ছে এবং বসতি, স্কুল-কলেজসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। এ পরিস্থিতিতে পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু–এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন।