রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস

তনুসহ পুরোনো মামলাও নতুন করে তদন্তে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তনুসহ দীর্ঘদিন অমীমাংসিত থাকা আলোচিত কয়েকটি মামলাও নতুনভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ ঘৃণ্য অপরাধের ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসার ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি দায়িত্বে আসার পর এ ধরনের যত ঘটনা ঘটেছে, পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি—এমন উদাহরণ নেই।”

সালাহউদ্দিন আহমদ জানান, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কয়েকটি আলোচিত মামলাও তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে তনু হত্যাকাণ্ডও রয়েছে। এসব মামলার তদন্ত নতুনভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পুলিশের বিভিন্ন সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে। তবে সরকারের বয়স এখনো মাত্র তিন মাস হওয়ায় অনেক কাজ বাকি রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

আইন সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগতাড়িত হয়ে দ্রুত নতুন আইন বা বিশেষ আদালত গঠন করা ঠিক হবে না। কঠোর আইনের অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এটি ভারত–এর অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, সরকার আইনগত প্রক্রিয়ায় তাকে ফেরত চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী অনুরোধ জানানো হয়েছে এবং সরকার চায় তিনি দেশে এসে মামলার মুখোমুখি হন।