ঈদযাত্রা নির্বিঘ্নে ঢাকা ও আশপাশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। এ সময় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।