পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা : সেনাপ্রধান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস-এ অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, ‘টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’

পরে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।