রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সেখানে যাবেন।
এদিকে, এ ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সোহেল রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



