রামিসা হত্যা মামলার চার্জশিট আজ
৫-৭ দিনের মধ্যে বিচার সম্পন্নের আশা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
আজ রোববার এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসা হত্যা মামলার চার্জশিট আজই দেওয়া হবে। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও এটি আদালতের বিষয়। আশা করছি, আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার চূড়ান্ত অভিযোগপত্রের খসড়া প্রস্তুত শেষে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে তথ্য সংযোজনসহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।
চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। অভিযুক্ত স্বপ্না আক্তারকে ইতোমধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা।
জবানবন্দিতে তিনি স্বীকার করেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। পরে শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন।
সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার সময় ঘরের একটি কক্ষে স্ত্রী স্বপ্না আক্তারকে আটকে রেখেছিলেন সোহেল। পরে মরদেহ টুকরা করে গুমের প্রস্তুতির সময় রামিসার স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন।
এ সময় জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল ও তার আরেক সহযোগী। পরে স্থানীয়রা স্বপ্না আক্তারকে আটক করেন।



