নতুন আইনে লাখো আমেরিকান পাচ্ছে কানাডার নাগরিকত্ব
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
কানাডার নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী এখন যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিক কানাডার নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়ে গেছেন। ফলে তারা দ্বৈত নাগরিকত্বের সুবিধা ভোগ করতে পারবেন এবং কানাডার পাসপোর্টও সংগ্রহ করতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে জন্ম নেওয়া যে কোনো আমেরিকান নাগরিক যদি প্রমাণ করতে পারেন যে তাদের পূর্বপুরুষ কানাডিয়ান ছিলেন, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্বের অধিকারী হবেন। এক্ষেত্রে আবেদনকারীর জন্মস্থান বা তার বাবা-মা কিংবা দাদা-দাদি কখনো কানাডায় বসবাস করেছেন কিনা, তা বিবেচনা করা হবে না। শুধু কানাডিয়ান বংশসূত্র থাকলেই এই নাগরিকত্ব পাওয়া যাবে।
নাগরিকত্বের প্রমাণ পাওয়ার পর আবেদনকারীরা কানাডার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এজন্য বংশসূত্র প্রমাণের নথি হিসেবে জন্ম সনদ বা বাপ্তিস্মের রেকর্ডের প্রয়োজন হবে। বর্তমানে নাগরিকত্ব প্রমাণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১১ মাস সময় লাগছে।
এই নতুন আইনটি বিশেষভাবে প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে। ধারণা করা হচ্ছে, শুধু এই অঞ্চলেই প্রায় ৩০ লাখ আমেরিকান কানাডার নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়েছেন। মূলত ১৮৭০ থেকে ১৯৩০ সালের মধ্যে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিবাসনের কারণে এই অঞ্চলের একটি বড় অংশের মানুষের মাঝে কানাডিয়ান বংশসূত্র রয়েছে।
দ্বৈত নাগরিকত্ব পাওয়া আমেরিকানরা কানাডায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। একই সঙ্গে তারা কানাডার পাসপোর্টের অতিরিক্ত ভ্রমণ সুবিধাও উপভোগ করতে পারবেন। এছাড়া কানাডার নাগরিকত্ব কোনো অতিরিক্ত কর দায়বদ্ধতা তৈরি করে না। যুক্তরাষ্ট্রের মতো বিশ্বব্যাপী কর প্রদানের বাধ্যবাধকতা কানাডায় নেই, কেবল কানাডায় বসবাস করলেই কর দিতে হয়। আর দ্বৈত নাগরিকরা চাইলে যুক্তরাষ্ট্র-কানাডা কর চুক্তির সুবিধা নিয়ে দ্বৈত কর থেকে মুক্তি পেতে পারেন।
কানাডার এই ঐতিহাসিক আইনটি এসেছে বিল সি-৩ এর মাধ্যমে, যা ২০২৫ সালের ১৫ ডিসেম্বর কার্যকর হয়েছে। এর আগে ২০০৯ সালে চালু হওয়া আইন অনুযায়ী নাগরিকত্ব কেবল বিদেশে জন্ম নেওয়া প্রথম প্রজন্ম পর্যন্ত সীমিত ছিল। তবে ২০২৩ সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট এই সীমাবদ্ধতাকে অসাংবিধানিক ঘোষণা করার পর সরকার নতুন এই আইনটি প্রণয়ন করে, যা এখন আমেরিকানদের জন্য কানাডার নাগরিকত্ব পাওয়ার এক বিশাল সুযোগ তৈরি করেছে।



