আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা, মিলল নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। হাসপাতালের বিভিন্ন বিভাগে পরিদর্শনের সময় খাদ্য নিরাপত্তা, ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক অসঙ্গতি পাওয়ায় এ জরিমানা করা হয়।

রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট সেবা বিভাগ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় বেশ কয়েকটি অনিয়ম ও ত্রুটি ধরা পড়লে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

তিনি বলেন, “হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় মিটার পাওয়া যায়নি। শুধু চিকিৎসকদের চেম্বারসংলগ্ন কিছু স্থানে মিটার ছিল। রোগীদের সেবা ও সংরক্ষণ ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘাটতি।”

অভিযানের সময় হাসপাতালের কয়েকটি অংশে অপরিচ্ছন্ন পরিবেশও লক্ষ্য করা হয়। একটি স্থানে খাদ্যপণ্যের লেবেলিং সঠিকভাবে করা হয়নি এবং সংশ্লিষ্ট এলাকাটি অস্বাস্থ্যকর অবস্থায় ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

ডিএসসিসির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি ও অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পুনরায় অভিযান পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জনবল সংকটের কথা উল্লেখ করেছে। তাদের দাবি, পর্যাপ্ত জনবল না থাকায় নিয়মিত তদারকিতে কিছু ঘাটতি তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে।

বেকারি নিয়ে নতুন প্রশ্ন

সম্প্রতি গণমাধ্যমে আদ্-দ্বীন হাসপাতালের ছাদে একটি অপরিচ্ছন্ন বেকারি পরিচালনার অভিযোগ প্রকাশিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানের সময় বেকারিটি বন্ধ পাওয়া গেছে। তবে হাসপাতালের ভবনের ভেতর থেকেই সংশ্লিষ্ট স্থানে প্রবেশ করা সম্ভব হয়েছে এবং একই ভবনের সঙ্গে এর সংযোগ দেখা গেছে।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল, আলোচিত বেকারিটি হাসপাতালের মূল ভবনে নয়, পাশের একটি পৃথক ভবনে অবস্থিত। ফলে বেকারিটির অবস্থান ও পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর বাড়ছে নজরদারি

উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক এবং ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিতে বিভিন্ন মহল থেকে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে ইতোমধ্যে একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনুর পক্ষে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ওই নোটিশ পাঠানো হয়।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলোর পর হাসপাতালটির সেবার মান, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা দূর করতে স্বচ্ছ তদন্ত ও কার্যকর তদারকি এখন জরুরি হয়ে উঠেছে।