দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৬
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। গ্রাহকদের এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংক পাড়ায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী কয়েক শত সচেতন গ্রাহকের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই কারণে তারা অবিলম্বে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সদ্য অপসারিত এমডিকে পুনর্বহালের দাবি জানাচ্ছেন।
মানববন্ধনে অংশ নিয়ে আব্দুল হান্নান খন্দকার নামে একজন গ্রাহক বলেন, “ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সঙ্গে গ্রাহকদের আমানত সংরক্ষণ করে আসছিল। কিন্তু বিগত স্বৈরাচারী সরকার এই ব্যাংকটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এস আলম গ্রুপকে এর দায়িত্ব দেয়। তারা ব্যাংকের অর্থ লুট করে বিদেশে পাচার করে একে ধ্বংসের কিনারে নিয়ে এসেছিল।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর ব্যাংকটি যখন আবার গ্রাহকদের আস্থায় আগের অবস্থানে ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল একে আবারও ধ্বংসের চক্রান্ত করছে। খুরশিদ আলমকে এই ব্যাংকের চেয়ারম্যান করার সিদ্ধান্ত আমরা মানি না। সাধারণ আমানতকারীরা এই ব্যাংককে আর লুণ্ঠনকারীদের হাতে ছেড়ে দেবে না।”
আবুল খায়ের আজাদ নামে আরেকজন আন্দোলনকারী গ্রাহক বলেন, “গতকাল আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে বিনা উসকানিতে পুলিশের চালানো হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম জুলাই বিপ্লবের সময় পালিয়ে গিয়েছিলেন, তিনি ফ্যাসিস্টের দোসর। আমরা অবিলম্বে তাঁর পদত্যাগ চাই। এছাড়া গতকাল জুম মিটিংয়ের মাধ্যমে এমডির পদ থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া গ্রাহকবান্ধব কর্মকর্তা ওমর ফারুক খানকে দ্রুত স্বপদে বহাল করতে হবে।”
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংক একটি শরীয়াহ ভিত্তিক ব্যাংক এবং এখানে ৩ কোটি গ্রাহকের আস্থা জড়িত। এই ব্যাংকের মূল্যবোধ রক্ষা করার জন্য দুর্নীতিবাজদের হাত থেকে একে মুক্ত করতে হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গতকাল সোমবার (১ জুন) সকালে একই স্থানে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও সাবেক এমডির পুনর্বহালের দাবিতে মানববন্ধন করার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিল।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরপরই ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।



