বাহরাইনে গরমে শ্রমিকদের জন্য নতুন ঘোষণা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৬

বাহরাইনে গ্রীষ্মকালে তীব্র গরমের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় নতুন নির্দেশনা কার্যকর করতে যাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আগামী ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত খোলা আকাশের নিচে দিনের নির্দিষ্ট একটি সময় কাজের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শ্রমিককে দিয়ে বাইরে কাজ করানো যাবে না।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গরমজনিত অসুস্থতা, হিট এক্সহস্টশন, হিটস্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে শ্রমিকদের সুরক্ষা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে কর্মস্থলে দুর্ঘটনার ঝুঁকি কমানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসাধারণের সহযোগিতা চেয়ে একটি হটলাইনও চালু করেছে মন্ত্রণালয়। কেউ এ নিয়ম লঙ্ঘনের ঘটনা দেখলে জরুরি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

বাহরাইনের শ্রম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বাহরাইনের বেসরকারি খাতের শ্রম আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ৫০০ থেকে ১,০০০ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে দণ্ড দ্বিগুণ করারও বিধান রয়েছে।