মায়ের মরদেহে পচন: যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (৩ জুন) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রচলিত আইন ও সরকারি চাকরি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাতে তাঁকে ফোনে পাওয়া যায়নি। এখন তাঁর সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে ঘটনাটি তাঁর মাকে কেন্দ্র করেই ঘটেছে কি না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত একটি সুনির্দিষ্ট আইন রয়েছে। সেটি লঙ্ঘন হয়ে থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।” এছাড়া একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন অমানবিক আচরণ ও নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখে তা অ্যাড্রেস করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তিনি বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে প্রাক্কলিত দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার (৩১ মে) মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। একজন প্রথম শ্রেণীর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মায়ের এমন করুণ পরিণতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।