জামিন পেলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তবে বাকি ছয়টি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই রয়েছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতার নির্দেশনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।