মায়ের পচন ধরা লাশ উদ্ধারের ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার যুগ্ম সচিব আনিসুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের পচন ধরা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালনরত আনিসুর রহমানকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় ধরে মরদেহটি পড়ে থাকায় সেটিতে পচন ধরে এবং সেখানে পোকার উপস্থিতিও লক্ষ্য করা যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। তার পরিবারের সদস্যদের মধ্যে একজন ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৃদ্ধা নূর জাহান বেগম অবহেলা ও অযত্নের মধ্যে জীবনযাপন করছিলেন। তার বসবাসের পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এসব অভিযোগ সামনে আসার পর পরিবারের দায়িত্ববোধ ও বয়স্ক বাবা-মায়ের প্রতি সন্তানের কর্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার পর প্রশাসনিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিবারের এমন পরিস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়; বরং সমাজে বয়স্ক ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ, পারিবারিক মূল্যবোধ এবং মানবিক আচরণের বিষয়টিকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।