জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াত আইভী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তাঁর স্বজনরা উপস্থিত ছিলেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ডা. আইভীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে রাত ১০টার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
জামিন বহাল রাখলেন আপিল বিভাগ
এর আগে হত্যা মামলায় সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১২ মামলার সবকটিতেই জামিন: গত ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এই আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সব কটিতেই জামিন বহাল থাকে।
গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হওয়া দুটি হত্যা মামলায় গত ২ মার্চ ও ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এরপর গত ৩০ এপ্রিল হাইকোর্ট এক রুলে তাঁকে অন্তর্বর্তী জামিন দেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিতের আবেদন করলে চেম্বার আদালত তা খারিজ করে দেন।
গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের বাসভবন থেকে ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা দেওয়া হয়। গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট এই পাঁচ মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেও চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। পরবর্তীতে গত ১০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিলে ওই পাঁচ মামলায় তাঁর জামিন চূড়ান্তভাবে বহাল হয়।



