প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর দপ্তরের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসির সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে।

যেভাবে চুরির ঘটনা ঘটে

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র স্বীকার করেন, তিনি গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে ওই তার চুরি করেন।

পরবর্তীতে ১ জুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে হলের সামনে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

পরে রেজাকুল ইসলামের তথ্য অনুযায়ী চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডের একটি ভাঙারির গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

ডিএমপির বক্তব্য

এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, “আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। অভিযানে ৮ কেজি তার উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ভাঙারি দোকান মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রভাব

গত ১ জুন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অফিসে এসে দেখতে পান গুরুত্বপূর্ণ টেলিফোন লাইন বিকল হয়ে পড়েছে। পরে দেখা যায় সচিবালয়ের পুরাতন ২ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত কপার ক্যাবল বিভিন্ন জায়গা থেকে কেটে নেওয়া হয়েছে।

এর ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরের রেড টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে প্রশাসনিক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।