১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন বলে জানা গেছে।
কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, ১৪ জুন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।
পরে তিনি পেকুয়ায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করবেন। একই সঙ্গে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও উদ্বোধনের কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে তিনি চকরিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সফরের শেষ অংশে প্রধানমন্ত্রী কক্সবাজারে ফিরে রাতে অবস্থান করবেন। পরদিন ১৫ জুন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।



