প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে উদ্যোগের বার্তা দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্প খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাকান ফিদান বলেন, দুই দেশের সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।”

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান ও সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সংকটের স্থায়ী সমাধানে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছে এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুদ্ধ ও অস্থিরতা বৈশ্বিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলছে। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানান এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় চলমান সহিংসতা আন্তর্জাতিক বিবেককে নাড়া দিচ্ছে এবং দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম এবং নতুন প্রকল্পের মাধ্যমে এই সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

সফরকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান।