পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যunal-এর বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর গ্রেফতার হওয়া সোহেল রানা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, নেশাগ্রস্ত অবস্থায় সে পাশের ফ্ল্যাটের ওই শিশুকে ডেকে নিয়ে বাথরুমে ধর্ষণ করে। পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তার মাথা কেটে বিচ্ছিন্ন করে লাশ গুমের চেষ্টা চালায়। এ সময় শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করলে সোহেল গ্রিল কেটে পালিয়ে যায়।
রেকর্ড গতির বিচার: মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার মাত্র ৫ দিনের মাথায় গত ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করেন। ঈদ ও আদালতের অবকাশকালীন ছুটি বাতিল করে মাত্র এক সপ্তাহের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আজ এই রায় ঘোষণা করা হলো। আত্মপক্ষ সমর্থনে আসামি সোহেল ক্ষমা চাইলেও আদালত অপরাধের নৃশংসতা বিবেচনা করে স্বামী-স্ত্রী উভয়কেই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।



