সীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার সদস্য মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবর্তী ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি জেলায় উপজেলা আনসার, থানা আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বাহিনীটি জানায়, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে এসব সদস্য বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।



