মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার
দ্রুত এমওইউ স্বাক্ষরের অগ্রগতি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে সোমবার (৮ জুন) বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান পরিস্থিতি, শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দ্রুত এমওইউ চূড়ান্ত করার বিষয়ে একমত হন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, শুধু টেক্সটাইল খাত নয়—ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন দক্ষ পেশার জনবল মরিশাসে পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।
এ সময় বাংলাদেশের মন্ত্রী মরিশাস সরকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
মরিশাসের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, তাদের ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি জানান, এমওইউ’র একটি খসড়া শিগগিরই বাংলাদেশকে পাঠানো হবে।
এছাড়া মরিশাস সরকার বাংলাদেশে টেক্সটাইল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানসহ অন্যান্য কর্মকর্তারা।
সূত্র: দ্য বাংলাদেশ মনিটর



