দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।  একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫৬ হাজার ২৬৯ জন হাজি রয়েছেন।

ফিরে আসা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ২৬ হাজার ৮৬৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন দেশে ফিরেছেন।  এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ৩ জন হাজি।

এ বছর বাংলাদেশ থেকে মোট প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী সৌদি আরবে যান।  গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত মারা যাওয়া ৫৪ জন হাজির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।  তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

সবশেষ গত মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা আকলিমা আক্তার মদিনায় মৃত্যুবরণ করেন।  ৪৪ বছর বয়সী আকলিমা গত ১৯ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন।

এদিকে হজযাত্রীদের চিকিৎসাসেবার বিষয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।  এছাড়া ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির আওতায় সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ পালন করেন।  গত ১৮ এপ্রিল প্রথম প্রাক-হজ ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় এবং শেষ ফ্লাইট পৌঁছায় ২১ মে।