বিদেশি কর্মী নিয়োগে সৌদি আরবের নতুন কড়াকড়ি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
সৌদি আরব বিদেশি কর্মী নিয়োগে নতুন কড়াকড়ি আরোপ করেছে। শ্রমবাজারে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম নতুন নির্দেশনা জারি করেছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের কম সময় ধরে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচটি ইনস্ট্যান্ট ওয়ার্ক ভিসা পাবে। অন্যদিকে, দুই বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠান একবারে বা একই সপ্তাহে একাধিক আবেদন মিলিয়ে সর্বোচ্চ ৫০টি ভিসা পেতে পারবে।
কিওয়া জানিয়েছে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্ত এবং নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো শুরুতে দুটি ভিসা পাবে। পরবর্তীতে সৌদিকরণ (Saudization) হার বৃদ্ধি করলে অতিরিক্ত ভিসা বরাদ্দ পাওয়া যাবে। বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মোট ১০টি শর্ত নির্ধারণ করা হয়েছে।
এসব শর্তের মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকা, সৌদিকরণ নীতিতে অন্তত ‘মিডিয়াম গ্রিন’ ক্যাটাগরিতে অবস্থান করা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা এবং আবশের (Absher) বা মুকিম (Muqeem) প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালান্স রাখা।
এছাড়া ১০ বা ততোধিক কর্মী থাকা প্রতিষ্ঠানের জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কিওয়া প্ল্যাটফর্মে কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া এবং ভিসার ধরন অনুযায়ী পর্যাপ্ত নিয়োগ কোটা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়মের ফলে সৌদি আরবে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর হবে। বিশেষ করে নতুন প্রতিষ্ঠানগুলো সীমিত সংখ্যক ভিসার আওতায় কর্মী নিয়োগ করতে পারবে। অন্যদিকে, পুরোনো প্রতিষ্ঠানগুলো সৌদিকরণ হার বাড়ালে তুলনামূলকভাবে বেশি ভিসা পাওয়ার সুযোগ পাবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শ্রমবাজারে শৃঙ্খলা আনার পাশাপাশি স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। তবে এর ফলে বিদেশি কর্মীদের জন্য নিয়োগের সুযোগ কিছুটা সীমিত হয়ে যেতে পারে।



