জাহেদ উর রহমান ইস্যুতে অবস্থান স্পষ্ট করল ভারত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহেদ উর রহমান ব্যক্তিগত (প্রাইভেট) পাসপোর্টে দিল্লি সফরে গিয়েছিলেন এবং ইমিগ্রেশনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, জাহেদ উর রহমান সার্ক ভিসা নিয়ে দিল্লিতে এসেছিলেন। ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতে এসেছেন বলে জানান। পরে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
তবে অনুমতি পাওয়ার পরও তিনি নির্ধারিত বৈঠক বা সম্মেলনে অংশগ্রহণ না করে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান রণধীর জয়সওয়াল।
সম্প্রতি একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি যান প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় জটিলতার মুখে পড়েন তিনি। দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের পর সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।
জাহেদ উর রহমানের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমতুল্য।
এ ঘটনার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন।
ঘটনাটি নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চললেও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে জাহেদ উর রহমানকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
সূত্র: বিবিসি বাংলা।



