নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২০

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের প্লাটো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) বোক্কোস এলাকার কাওয়েল সম্প্রদায়ে এ হামলার ঘটনা ঘটে বলে সোমবার (২২ জুন) জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হলে তারা পিছু হটে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্তে সম্মতি না দেওয়ায় আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে প্লাটো রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জরুরি ব্যবস্থাপনা সংস্থা ও মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোকে দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী তৎপরতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। একই ধরনের সহিংসতা উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলেও নিয়মিত দেখা যাচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে প্লাটো রাজ্যের আরেকটি হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

সূত্র: রয়টার্স।