ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ জানান, এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় ৭০০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বহু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইউএসজিএস সতর্ক করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এবং পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।



