সৌদিতে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে কর্মসংস্থান
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
সৌদি আরবে শিল্প খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। শিল্প খাতকে আরও শক্তিশালী ও বহুমুখী করতে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন করে ৩২২টি শিল্প লাইসেন্স ইস্যু করেছে।
সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন লাইসেন্স যুক্ত হওয়ায় সৌদি আরবে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬০টিতে। এটি দেশটির শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ এবং উদ্যোক্তাদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন।
প্রতিবেদনে বলা হয়, নতুন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক নতুন কারখানা ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং দেশের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
সৌদি সরকারের লক্ষ্য, ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে শিল্প, উৎপাদন ও অন্যান্য অ-তেল খাতকে আরও শক্তিশালী করা। নতুন শিল্প কারখানা স্থাপন এবং বিনিয়োগ বৃদ্ধি সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, শিল্প খাতের এ সম্প্রসারণ শুধু অর্থনৈতিক বৈচিত্র্যই আনবে না, বরং দেশীয় ও বিদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।



