মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, শিগগিরই যাবে বাংলাদেশি কর্মী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কাজ করছে। আশা করা যায়, খুব শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।

তিনি জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বা বিভিন্ন জটিলতায় থাকা বাংলাদেশি কর্মীদের বৈধতা নিশ্চিত করতেও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হলেও বর্তমানে সরকারিভাবে সেখানে কর্মী পাঠানো হচ্ছে না। তবে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সুযোগ রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার এসেছে সৌদি আরব থেকে।

তিনি বলেন, সরকার একদিকে নতুন শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও বৈধতা নিশ্চিত করতে কাজ করছে। মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানো শুরু হলে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।