ধর্মীয় ইস্যুতে কড়া পদক্ষেপ, জিও নিউজকে শাস্তি দিল পাকিস্তান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে আপত্তিকর ধর্মীয় বিষয়বস্তু সম্প্রচারের অভিযোগে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ-এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গত ২৬ জুন প্রচারিত একটি অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্যায়ন দেখানো হয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করে।

ঘটনার পর রোববার (২৮ জুন) এক বিবৃতিতে জিও নিউজ ক্ষমা চেয়ে জানায়, বিতর্কিত বিষয়বস্তুটি অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছে। এটি চ্যানেলটির সম্পাদকীয় নীতি বা কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন নয়।

চ্যানেলটি আরও জানায়, সংশ্লিষ্ট ভিডিওটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। ভিডিওতে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করা, কোনো নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শকে সমর্থন করা নয়।

পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জিও নিউজ প্রয়োজনীয় সম্পাদকীয় সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ পরিষদে পাঠানো হয়েছে।

পাকিস্তানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বের চিত্রায়ন অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়। এ কারণে ধর্মীয় ইস্যুতে দেশটিতে প্রায়ই কঠোর অবস্থান নেয় কর্তৃপক্ষ, বিশেষ করে মহররম উপলক্ষে নিরাপত্তা ও সম্প্রচার তদারকি আরও জোরদার করা হয়।

উল্লেখ্য, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।
সূত্র: রয়টার্স।