ফ্রান্সে স্কাইডাইভিং বিমানের মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১১
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানবন্দরের পাশের টমব্লেইন শহরের একটি সড়কে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা পাইলটসহ ১১ জনই ঘটনাস্থলে নিহত হন।
নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন। অপরজন ছিলেন বিমানের পাইলট।
দুর্ঘটনায় আশপাশের কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে স্থানীয় বাসিন্দাদের বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিমানটিতে স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া একটি দল ছিল।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও সংগ্রহ করা হচ্ছে।



