লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য একটি সুস্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের মতে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি অপরিহার্য।
রোববার (২৮ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।
বাঘাই বলেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো স্থায়ী শান্তি চুক্তির মৌলিক শর্ত। এ বিষয়ে ইরানের অবস্থান দীর্ঘদিন ধরেই স্পষ্ট।
তিনি আরও বলেন, ইরানের এই অবস্থান জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ছাড়া কোনো শান্তি চুক্তি টেকসই হতে পারে না।
ইসমাইল বাঘাই জানান, ৮ এপ্রিলের যুদ্ধবিরতি এবং ১৮ জুনের সমঝোতা স্মারক—উভয় ক্ষেত্রেই ইরান লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং সেনা প্রত্যাহারের ওপর গুরুত্বারোপ করেছে।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটন যেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলকে লেবাননে সব ধরনের সামরিক অভিযান ও আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করে।
উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত অঞ্চলের সংঘাত নিরসনে ১৪ দফার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২৪৬ জন নিহত এবং ১২ হাজার ১৯০ জন আহত হয়েছেন।



