ওয়ার্ক পারমিটে বড় ছাড়, বিদেশিদের জন্য দরজা খুলছে ডেনমার্ক
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
শ্রমবাজারে দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের শর্ত শিথিল করতে নতুন প্রস্তাব এনেছে ডেনমার্ক সরকার। এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন খাতে প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগ সহজ হবে বলে মনে করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত কমানোর পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে কাজের অনুমতি পেতে বছরে অন্তত ৫ লাখ ৫২ হাজার ডেনিশ ক্রোনার আয়ের শর্ত রয়েছে। নতুন প্রস্তাবে তা কমিয়ে ৩ লাখ ২২ হাজার ক্রোনার করার কথা বলা হয়েছে।
তবে এ সুবিধা সব দেশের নাগরিকদের জন্য নয়। এটি ১৬টি নির্দিষ্ট অ-ইইউ দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, জাপান, ভারত ও ব্রাজিলসহ কয়েকটি দেশের নাম রয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, কেবল সেই সব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে, যাদের ডেনিশ শ্রমিক ইউনিয়ন বা নিয়োগকর্তা সংগঠনের সঙ্গে বৈধ সমষ্টিগত শ্রমচুক্তি (Overenskomst) রয়েছে। এর মাধ্যমে কর্মীদের বেতন, কর্মপরিবেশ ও শ্রম অধিকার ডেনমার্কের প্রচলিত মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করা হবে।
এই প্রস্তাব প্রথম ২০২৫ সালে তৎকালীন এসভিএম (Social Democrats, Venstre এবং Moderates) জোট সরকারের সময় উত্থাপিত হয়েছিল। তবে সংসদে ভোটাভুটির আগেই নির্বাচন ঘোষণা হওয়ায় সেটি আর পাস হয়নি। বর্তমান সরকার পুনরায় একই প্রস্তাব সংসদে উপস্থাপন করেছে।
ডেনমার্কের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ড্যানিশ ইন্ডাস্ট্রি (DI) এবং ড্যানিশ বিজনেস (Dansk Erhverv) এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও প্রকৌশলসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের পূর্বাভাস অনুযায়ী, প্রস্তাবটি কার্যকর হলে ২০৩০ সালের মধ্যে ডেনমার্কের শ্রমবাজারে প্রায় ৫৫০ জন অতিরিক্ত দক্ষ বিদেশি কর্মী যুক্ত হতে পারেন।



